ভার্চুয়াল হাজিরায় ড. ইউনূস ও গ্রামীণ টেলিকম এমডির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
আদালতের আদেশ প্রতিপালন না হওয়াকে অনিচ্ছাকৃত উল্লেখ করে গ্রামীণ টেলিকমের ৩৮ জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ বাস্তবায়ন না করাকে অনিচ্ছাকৃত উল্লেখ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান।
মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে ভার্চ্যুয়ালি হাজির হয়ে এই ক্ষমা প্রার্থনা করেন তারা।
আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খানের মাধ্যমে লিখিত বক্তব্য দাখিল করেন গ্রামীণ টেলিকমের এই দুই শীর্ষ কর্তা।
অপরদিকে শ্রমিক ইউনয়েনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবি ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
শুনানি শেষে বিবাদী দুইজনকেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ২৭ এপ্রিল পরবর্তি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামানের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি তাদের তলব করা হয়। শুনানি শেষে আদালতের রায়ে শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গ্রামীণ টেলিকম ইউনিয়নের এই নেতা।